নৌকার বিজয় হবেই :নাসিম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩৮

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিরাজগঞ্জসহ সারা দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই-এটা দেশবাসী বুঝতে সক্ষম হয়েছে। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় হবেই। উন্নয়ন ও জনগণের ভালবাসা নিয়ে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে ইনশাল্লাহ।   গতকাল মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পাবনার নির্ধারিত কর্মসূচি বাতিল করে তার নির্বাচনী এলাকা কাজিপুরে  আকস্মিক গণসংযোগকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সরকারি প্রটোকল ছাড়াই ব্যক্তিগত নিরাপত্তা, পতাকাবিহীন ব্যক্তিগত গাড়ি নিয়ে তার নির্বাচনী এলাকা কাজিপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন।

মোহাম্মদ নাসিম কাজিপুরের পাঁচগাছি, সোনামুখী, সিরাজগঞ্জ সদরের ভেন্নাবাড়ি এলাকায় গণসংযোগ করে সন্ধ্যায় জেলা সদরে সিরাজগঞ্জ-২ নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন। তিনি ভিক্টোরিয়া কোয়ার্টার সড়কে জেলা আওয়ামী লীগের সদস্য, যুবলীগের সাবেক সভাপতি সদ্য প্রয়াত অ্যাডভোকেট গোলাম হায়দারের বাসায় যান এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় তার সাথে ছিলেন অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ হায়দার আলী, হাজী ইসহাক আলী, আব্দুল বারী সেখ, অ্যাডভোকেট পান্না, বদরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।