চুক্তি ছাড়াই ব্রেক্সিটের চিন্তা মে’র মন্ত্রিসভার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪৩

চুক্তি ছাড়াই ব্রেক্সিটের পরিকল্পনা করছে ব্রিটেন। দেশটির এক মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। আগামী জানুয়ারিতে পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও হারার আশংকায় এই পরিকল্পনার দিকে এগুচ্ছে প্রধানমন্ত্রী থেরেসা মে’র মন্ত্রিসভা। খবর রয়টার্সের

ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী পেনি মরদৌয়ান্ত সাংবাদিকদের বলেন, নো ডিল ব্রেক্সিট (চুক্তি ছাড়া ব্রেক্সিট) নিয়ে আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, কেবল আমাদের দেশকে প্রস্তুত করলেই হবে না, আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমরা একটা চুক্তি পাবো। আবাসনমন্ত্রী জেমস ব্রকশায়ার বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, আমরা যা চাই এবং যা আশা করি এটা যদিও তা নয়। তারপরও আমাদেরকে চুক্তিটাকে রক্ষা করতে হবে। পার্লামেন্টের মাধ্যমে আমাদের এই কাজটি করতে হবে। এজন্যই আমাদের ‘নো ডিল ব্রেক্সিট’কে গুরুত্ব দিতে হচ্ছে। আমরা এমন ভান করবো না যে আমরা চুক্তি ছাড়াই ব্রেক্সিটের পদক্ষেপ গ্রহণ করছি না। মন্ত্রীরা নরওয়ের মতো সমঝোতা চাইছেন। অর্থাত্ ইইউ ত্যাগ করলেও ব্রিটেন যেন ইইউ’র অর্থনৈতিক অঞ্চলের সদস্য থাকে। তবে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির অনেকে মনে করছেন, চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর করলে তা যুক্তরাজ্যের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে।