স্পোর্টস রিপোর্টার
আগের দিনই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেছিল দাবার নবাগত দল পুলিশ। গতকাল চ্যাম্পিয়ন দলকে যখন পুরস্কার তুলে দেওয়া হোল তখন পুরো হল জুড়ে কারতালি পড়ল। অভিনন্দন পেলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার এবং পুলিশের গুরুত্বপূর্ণ দাবাড়ু নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, গ্র্যান্ড মাস্টার যোবাভা বাহাদুর, গ্র্যান্ড মাস্টার মিখাইল মেচডলিশ ভ্যালিরা।
গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া পুলিশ ১ লাখ, রানার্সআপ সাইফ স্পোর্টিংকে ৬০ হাজার, তৃতীয় হওয়া উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে ৪০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পুলিশ ১১ খেলায় পূর্ণ ২২ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে নেয়। ওয়ালটন দাবায় চ্যাম্পিয়ন পুলিশে খেলেছেন জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার যোবাভা বাহাদুর, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মিখাইল মেচডলিশ ভ্যালি, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার আব্দুল মালেক এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ২০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়। রানার্স-আপ সাইফ স্পোর্টিংয়ে গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, বেলেরুশের গ্র্যান্ড মাস্টার কোভালেভ ভ্লাদিশ্লাভ, আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার এলতাজ সাফারলি, গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব লড়াই করেন।
১২ টি দল এবার দাবা লিগের অংশগ্রহণ করে। ৮টি দেশের ১০ জন গ্র্যান্ড মাস্টার ও ৭ জন আন্তর্জাতিক মাস্টার ছিলেন।
লিগের সর্বনিম্ন স্থান পাওয়া সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও সোনারগাঁও চেস ক্লাব প্রথম বিভাগে নেমে গেছে।
