একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পরিকল্পনার চারদিন আগেই ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশের প্রতিটি জেলায় এ সংক্রান্ত প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকার কথা রয়েছে তাদের। সীমান্তরক্ষী বাহিনীর প্রতিটি প্লাটুনে ২০ থেকে ৩০ জন সদস্য থাকতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবির সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা। এদিকে, নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেন, বিজিবি মঙ্গলবার থেকে মোতায়েন করা হয়েছে। ২২ ডিসেম্বর বিজিবি নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু শঙ্কা থাকায় আগাম নামালাম। নির্বাচনে সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে তারা কাজ করবে। গত সোমবার জাতীয় ঐক্যফ্রন্ট দ্রুত সময়ের মধ্যে সেনা নামানোর জন্য বলেছিল। সেনা না নামিয়ে বিজিবি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনা ২৪ ডিসেম্বর নামবে। এজন্য তাদের যে প্রস্তুতি রয়েছে, তা সময়সাপেক্ষ। এখনই তাদের নামানো যাবে না।
মো. রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক দলসহ সবাই অভিযোগ করছেন যে, মাঠের পরিবেশ-পরিস্থিতি খারাপ হচ্ছে দিন দিন। তাই আমরা আপনাদের শঙ্কা কাটাতে মাঠে বিজিবি নামিয়েছি। বিজিবি নামালে যদি মাঠের পরিবেশ ঠিক থাকে তাহলে নামাবো না কেন?
