বগুড়া-১ আসনে নৌকা ও ধানের শীষ মার্কার মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া -১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এমপি আব্দুল মান্নানের নৌকা মার্কা ও বিএনপি দলীয় প্রার্থী কাজী রফিকুল ইসলামের ধানের শীষ মার্কা নিয়ে ভোটারদের মাঝে চলছে নানা আলোচনা-সমালোচনা।

নির্বাচনী এলাকার সর্বত্র হাট-বাজার, হোটেল-রেস্টুরেন্ট ও চায়ের দোকানে নির্বাচন নিয়ে ভোটাদের মাঝে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রার্থীদের ভালোমন্দ দিক, ব্যক্তিগত আচার-অচরণ, পারিবারিক ঐতিহ্য নিয়েও আলোচনা হচ্ছে।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ভোটার-জনতার মাঝে ভোট অবাধ, সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন ততই জোরদার হচ্ছে।
এবারের সংসদ নির্বাচন আব্দুল মান্নানের চতুর্থ এবং কাজী রফিকুল ইসলামের দ্বিতীয়বার অংশ গ্রহণ। ২০০১ সালে সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী কাজী রফিকুল ইসলাম আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল মান্নানের নিকট থেকে ৫ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন। 

ভোটারদের মাঝে আলোচনা হচ্ছে ১০ বছরে বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে এবং আব্দুল মান্নান যেভাবে এলাকার মানুষের মাঝে পড়ে থেকেছেন সে বিবেচনায় তিনি বেশি ভোট পাবেন।

আবার অনেকে বলছেন, এলাকায় রয়েছে ধানের শীষের মোহ। উন্নয়ন হলো সরকারের ধারাবাহিকতা। কাজী রফিকুলের আমলেও উন্নয়ন কম হয়নি। তাছাড়া তিনি হাওলে রাজা বশির কাজীর নাতি। ৭০ বছর ধরে মথুরাপাড়া বিকে উচ্চ বিদ্যালয় নদী ভাঙ্গন এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। 

আরও পড়ুনঃ গোমস্তাপুরে বিএনপির সমাবেশ পণ্ডের অভিযোগ

সবকিছু মিলিয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হলে নৌকা ও ধানে শীষ মার্কার মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

ইত্তেফাক/নূহু