দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ১৭ ডিসেম্বর সোমবার থেকে কানাডার টরন্টোতে চালু হলো কনস্যুলার সার্ভিস। এ বছরের মাঝামাঝি সময়ে কনস্যুলার জেনারেলের কার্যালয়ের কার্যক্রম শুরু হয় টরন্টোস্থ ১৫০৫-২২৩৫ শেফার্ড এভিনিউ ইস্টে।
আজ আনুষ্ঠানিক এবং প্রাথমিকভাবে এ কনস্যুলেট থেকে ভিসা, নো-ভিসা, সত্যায়িতকরণ, পাওয়ার অব অ্যাটর্নি, এনডোর্সমেন্ট, ভ্রমণ সংক্রান্ত এবং অভিবাসন সংক্রান্ত সার্ভিস দেওয়া হবে।
পরবর্তীতে পর্যায়ক্রমে পাসপোর্ট ও ভিসা এবং ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলে কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ জানান।
তিনি ইত্তেফাকের সঙ্গে এসব বিষয় নিয়ে দীর্ঘ আলাপচারিতায় খুঁটিনাটি এবং বিস্তারিত চিত্র তুলে ধরেন। এ সময় প্রথম সচিব ও দূতালয় প্রধান মানসুরীন খান চৌধুরী উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেল কনস্যুলার সেবা সম্পর্কে বলেন, 'মূলত এখন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাগজপত্র জমা এবং প্রদান করা হবে। মাঝে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সমস্ত কাগজপত্র প্রক্রিয়ার কাজ সম্পাদন করা হবে।'
কনস্যুলার সেবার বিস্তারিত চমৎকারভাবে ওয়েবসাইটেও তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, বিদেশে চালু হওয়া বাংলাদেশের অষ্টাদশ নতুন এই মিশন থেকে টরন্টো ছাড়াও অন্টারিও, সাচকাচোয়ান, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং ম্যানিটোবায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী এবং নাগরিকরা কনস্যুলার সেবার আওতায় আসবেন। কেউ কেউ আমেরিকার বাফেলু থেকেও কনস্যুলার সেবা নেওয়ার জন্য যোগাযোগ করছেন বলে জানা গেছে।
ইত্তেফাক/নূহু
