গণসংযোগে ব্যস্ত দুই জোটের প্রার্থীরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:১২

ঢাকার আশেপাশের জেলাগুলোতে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী গতকাল মঙ্গলবার ভোট চেয়ে গণসংযোগ করেছেন। নগরীতে গণসংযোগ করেছেন সদর-বন্দর আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরাম। মুন্সীগঞ্জের লৌহজেং নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নিরাপত্তা চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন জানিয়েছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। তারাবো পৌরসভার রূপসী, বোচারবাগ, বংশীনগর, স্লুইসগেট, নোয়াগাঁও ও গন্ধর্বপুরসহ আশপাশের এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক এনামূল হক ভুঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম ভুঁইয়া, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খান, কিন্ডারগার্টেন সমিতির হাজী ফিরোজুল ইসলাম প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, নগরীতে গণসংযোগ করেছেন সদর-বন্দর আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক এমপি এসএম আকরাম। এ সময় উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় শীর্ষ নেতা সাঈদ আহাম্মেদ। সকালে নগরীর উকিলপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি যা দেওভোগ পানির ট্যাংকি এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন সরকার রিটার্নিং অফিসারের কাছে নিজের নিরাপত্তা দাবি করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসকের কাছে এক আবেদনে তিনি এ দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণার সময় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের দ্বারা বাধাপ্রাপ্ত ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়ার পালগাঁও নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ২টার দিকে গ্রামটির আনন্দ বাজারে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প আগুন দেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খানকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে লৌহজং থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, মহান বিজয়ের মাস উপলক্ষে অন্যরকম প্রচারণায় নেমেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রতিমন্ত্রী চুমকির নেতৃত্বে একটি বিজয় মিছিল উপজেলার প্রধান প্রধান কয়েকটি সড়কে প্রদক্ষিণ করে। বিজয় মিছিলে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সাথে প্রতিমন্ত্রী নিজেও প্রতিকী ভাস্কর্য হয়ে যান। তিনি স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে স্থানীয়দের কাছে নৌকা মার্কায় ভোট চান।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারের বিশনন্দী ঈদগাহ মাঠে গতকাল মঙ্গলবার বিকালে বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সরকার, গোপালদী পৌর মেয়র আলহাজ্ব এম এ হালিম শিকদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী গোলাম মোহাম্মদ, হাজী শাহিন সরকার, আলহাজ্ব কামাল হোসেন ফকির, মজিবুর রহমান মুজিব, লিয়াকত আলী মেম্বার, বিশনন্দী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আরজু মিয়া প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জ-১ আসনে মহাজোট প্রার্থী আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য এএম নাঈমুর রহমানের পক্ষে ঢিলেঢালা প্রচারণা চললেও অন্য চার প্রার্থী-সমর্থকদের মাঠে তেমন মিলছে না। মামলা-হামলা, গ্রেফতার আতংক ও ভয়-ভীতি, হুমকিসহ নানা কারণে প্রতিপক্ষের নেতা-কর্মীদের মাঠে দেখা না পাওয়ায় ভোটার-সমর্থকসহ সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানা গেছে, এ আসনে নাঈমুর রহমান দুর্জয় (নৌকা), প্রধান প্রতিপক্ষ ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএ জিন্নাহ কবির (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আলহাজ্ব খোরশেদ আলম (হাতপাখা), মুসলিমলীগ প্রার্থী ফারুক হোসেন মাসুদর (হারিকেন) ও স্বতন্ত্র প্রার্থী আ’লীগের সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরীর সহধর্মিণী আশফা হক চৌধুরী লোপা মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত্ করেছেন। শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধীর রাজবংশী, যুগ্ন-সাধারণ সম্পাদক মোহন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মাসুম, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম শ্যামল, আইন সম্পাদক মেহেদী হাসান শাহবাত্, প্রচার সম্পাদক উজ্জ্বল দত্ত, সাংবাদিক মোহাম্মদ নাহিদ হাসান, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক সোহাগ প্রমুখ।

নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম বাবুরাইলে গণসংযোগ করেন—তাপস সাহা