উন্নয়ন সূচকে বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে :তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩৫

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার ৪৯ বছরে আমরা পাকিস্তানের চেয়ে তিনটি উন্নয়ন সূচকে এগিয়ে রয়েছি। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার বাংলাদেশ বেতারের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভার আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি উদ্বোধনকালে ‘রাজাকারের তালিকা কেন’ বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাজাকারের তালিকা কেন- এ প্রশ্ন করে বিএনপি রাজাকারদের পক্ষে নিজেদের মুখোশ নিজেরাই উন্মোচন করেছে।’ বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং তথ্য সচিব আবদুল মালেক।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তানিরা এই বলে তুষ্ট থাকত যে, বাংলাদেশ স্বাধীনতার পর রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না। আজকে এখানে এসে পাকিস্তানিরা আক্ষেপ করে বলে বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। এমন আক্ষেপ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কণ্ঠেও পাওয়া যায়। তথ্যমন্ত্রী বলেন, এখানেই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সার্থকতা, স্বাধীন বাংলাদেশের সার্থকতা। এই উন্নয়ন এবং সার্থকতাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে কোনো মানুষের স্বপ্ন পূরণের তাড়না, তাগাদাও প্রচেষ্টা থাকতে হয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, যারা স্বপ্ন দেখার পাশাপাশি দেখার প্রচেষ্টাকে যুক্ত করে তার সব স্বপ্ন পূরণ না হলেও অনেক স্বপ্ন পূরণ হয়।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন অতিরিক্ত সচিব নূরুল করিম, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মমতা হেনা লাভলী। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার।