গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেফতার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:২১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— পারভেজ (২২), মোঃ ফাহিম (২২), মোঃ লালচান (২৫), কেরামত আলী (২১), মোঃ বাবু (২০) ও মোঃ রাসেল (২২)। তাদের কাছ থেকে ছোরা, চাইনিজ কুড়াল, চাপাতিসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বাসন থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন জানান, সোমবার রাত আড়াইটার দিকে সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকার ভূমি অফিসের পাশের ফাঁকা জায়গায় একদল ডাকাত জড়ো হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ওই ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা দৌড়ে পালিয়ে যায়। ওসি আরো জানান, এ ব্যাপারে বাসন থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।