সচিবালয় এলাকায় গাড়ির হর্ন বাজিয়ে ফেঁসে  গেলেন উপসচিব

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৫

প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের আশপাশে ঘোষিত ‘নীরব এলাকা’য় যানবাহনের হর্ন বাজালে সরকারের প্রনীত বিধিমালা অনুযায়ী জেল-জরিমানা শুরু হয়েছে।  আর সচিবালয় এলাকায় গাড়ির হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের গাড়ির আটক করা হয়েছে। এমন অপরাধে সরকারি উচ্চপদস্থ এ কর্মকর্তার কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

বৃহস্পতিবার পরিবেশ অধিদফতরের আওতাধীন সচিবালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এ জরিমানা আদায় করেন।

 

বিষয়টি নিশ্চিত করে কাজী তামজিদ আহমেদ বলেন, সচিবালয়ের সামনের রাস্তায় জনপ্রশাসনের এক উপসচিব গাড়ি নিয়ে যাওয়ার সময় হর্ন বাজান। এ অপরাধে তার গাড়ি আটক করা হয়। এ সময় উপসচিব নিজেই গাড়ির ড্রাইভিং  সিটে বসা ছিলেন।  

 

উপসচিবের নাম প্রকাশে অনিচ্ছুক উল্লেখ করে ম্যাজিস্ট্রেট বলেন, হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসনের উপসচিবের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়েছে। তিনি অপরাধ করেছেন সে কারণে তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

 

এদিন সচিবালয় এলাকায় হর্ন বাজানোর অপরাধে গণমাধ্যম কর্মীদের যাতায়াতের পরিবহন, একাধিক প্রাইভেটকার, জিপ গাড়ি ও মাইক্রোবাসসহ বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়। তার মধ্যে শব্দদূষণ করায় পরিবেশ আইনে ১৫টি মামলা ও চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে জানিয়েছেন  দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন : দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না : গণপূর্ত মন্ত্রী

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী  শাহাব উদ্দিনের সভাপতিত্বে  ২৫ নভেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা হর্ন বিহীন এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ইত্তেফাক/ইউবি