বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল মিলার। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গতকাল মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উদ্বেগের কথা জানান মিলার। উল্লেখ্য, এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সহিংসতার বিষয়ে যেসব রিপোর্ট দেখছি, তাতে আমরা উদ্বিগ্ন। সহিংসতা পরিহার নিশ্চিত করতে হবে সবাইকে, সবার উচিত এটিকে নিন্দা জানানো। সবাই সমানভাবে অংশ নিতে না পারলে নির্বাচন কার্যকর হবে না। ভোটের প্রচারে গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকের পর বিএনপি নেতারা জানান, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রচারে বাধা এবং খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশে কারাগারে আটকে রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নতুন এসেছেন। আজকে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। নির্বাচন পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠকে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ ও তাবিথ আউয়াল।
