ইমরান পরশ
অবারিত ধানখেত সুবিশাল বিল
ওই নীল আকাশে ওড়ে গাঙচিল
শান্ত এ নদীগুলো ধীরে বয়ে যায়
সবুজের হাতছানি টানে দূর গাঁয়।
সূর্যটা পূর্বেই দিবে রোজ উঁকি
রোজ সকালেই তার হই মুখোমুখি।
খুব ভোরে খোকাখুকু ইশকুলে ছোটে
ইছামতি বিলজুড়ে শাপলা যে ফোটে।
পাতিহাঁস ঘোলা করে পুকুরের জল
উঠোনের চারদিকে করে কোলাহল।
বক সাদা মেঘগুলো উড়ে যায় দূর
বিকেলের অবকাশে রাখালিয়া সুর।
ঈদ পূজা কত মেলা ঘুরে ঘুরে আসে
তেরো পার্বণ আসে যেন বারোমাসে।
