শাহেদ রহমান
সহস্র বছর ধরে, পাহাড়-পর্বত, দুর্গম কান্তার মরু
পথের বিপত্তি আর বাধা পার হয়ে
যেমনি মানুষ করেছে অর্জন সভ্যতার সিঁড়ি ও সোপান
তেমনি আমরা—
কালাম, সালাম, গীতা-মিতা, যদু-মধু, হরিমন, সাহেরা-সালেহা
দেশি-ভিনদেশি শত্রুদের হাতে হারিয়ে জীবন, ঘরবাড়ি,
ভেঙে শত বছরের কারাগার পেয়েছি নিজস্ব আলোর আকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে ঘরে ঘরে দুর্গ গড়ে সেই একাত্তরে।
একাত্তরে স্বপ্ন ছিল—
কী করে আমরা আমাদের ভূমি, বাতাস ও জল
ভালোবেসে
নির্বিঘ্নে করবো সত্য, সুন্দর ও সাম্যের চাষাবাদ।
পরাভূত পাশব শক্তির ষড়যন্ত্রে পথভ্রষ্ট হয়ে
আমরা সবাই ভুলে গেছি জি সি দেব, মুনীর চৌধুরী আর ত্রিশ লক্ষ
তিশা, তাহের ও তপন মাঝির রক্তাক্ত শহিদ হওয়ার ইতিহাস।
হয়ে অরণ্যের নেকড়ে-হায়েনা, ভয়ংকর ভূত-প্রেত
চাষাবাদ করছি আমরা কেসিনিও, ইয়াবা ও দস্যুবৃত্তি,
রচনা করেছি কবন্ধের দিগঙ্গন।
মেঘের পাহাড় ভেদ করে যেমন ভোরের সূর্য জাগে পূর্বাকাশে
আমরা তেমনি আবার উঠবো জেগে নতুন আলোর জ্যোত্স্নায়,
আলো-অন্ধকারে একাত্তর আছে আমাদের সাথে
যেমন নক্ষত্রমণ্ডলী রাতে ও দিনের আকাশে...
