মানজুর মুহাম্মদ
১.
রাজার হেরেম মত্ত মহল সুখের নহর যায় বয়ে
রাত জাগা নাচ, বাইজি মোহে সোনার দিনার যায় ক্ষয়ে,
রূপ বাজারে উষ্ণ দেহ ফেলে চোখের নীরব জল
রানির নীরব গোপন মহল গভীর ব্যথা যায় সয়ে।
২.
একাকীত্বের জমছে বরফ চাঁদ সুরুজ আর গোলাপে
শুনবে গভীর ব্যথার রোদন শ্রাবণ জলের প্রলাপে,
মিলনে মন হয় একা হায়, জাগে গভীর শূন্যতা
হাহাকারের ফুল ফোটে রয় প্রেমের মধুর আলাপে।
৩.
পূণ্য জ্ঞানে কঠিন ধ্যানে আত্মা করে কুরবানি
ছাড়ে মোহের জলসা হেরেম, ছাড়ে তাজের সুলতানি,
মুক্তো-হীরা সোনার দিনার সব ছাড়া যায় প্রেম হলে
মন একা তাই ফুল বাসরে ব্যথায় কাঁপে ফুলদানি।
