পিকনিক স্পটে চলছিল গোপন বৈঠক, ৮৩ জামায়াত নেতা আটক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২০:২১

পিকনিকের নাম করে গোপনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে চলছিল জামায়াতের রোকন সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ গোপনে খবর পেয়ে জামায়াত নেতা ও রোকন সদস্যসহ ৮৩ জনকে আটক করেছে। অভিযান চলে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত।

এ সময় বেশকিছু ইসলামিক বই, লিফলেট ও তাদের ব্যবহৃত ২টি মিনিবাস, ৩টি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়।

দিনাজপুর নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান জানান, স্বপ্নপুরীর ভেতরে পিকনিকের নাম করে বৃহস্পতিবার রোকন সম্মেলন করতে যান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমানসহ দিনাজপুর ও জয়পুরহাটের জামায়াতের ৮৩ জন নেতা ও রোকন সদস্য।

আরও পড়ুন: নাগরিকত্ব আইনের সঙ্গে ভারতের মুসলিমদের কোনো সম্পর্ক নেই: শাহি ইমাম

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টায় স্বপ্নপুরীতে রোকন সম্মেলন চলাকালীন তাদের ঘিরে ফেলে পুলিশ। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে বিকfল ৪টায় সেখান থেকে তাদের আটক করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এসি