একাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২৭১ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা আগাম বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি ও কোস্টগার্ডের জন্য এই বরাদ্দ দেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে এই বরাদ্দ তাদের কাছে পৌঁছে যাবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাথমিক বরাদ্দ দেয়া হয়েছে। এরপর ভোটের আগেই আরেক দফা বরাদ্দ দেয়া হবে। সবশেষে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা মোতাবেক যোগ-বিয়োগ করে কোন বরাদ্দ পাওনা থাকলে দেয়া হবে।
ইসি সূত্রে জানা গেছে, অগ্রিম বরাদ্দের মধ্যে সব থেকে বেশি দেয়া হয়েছে আনসার ও ভিডিপির জন্য। এই বাহিনীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১৬৩ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা। পুলিশের জন্য আগাম বরাদ্দ হয়েছে ৬৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য আগাম বরাদ্দ দেয়া হয়েছে ৩৩ কোটি দুই লাখ ৪৩ হাজার টাকা। এছাড়া র্যাবের জন্য আগাম ১০ কোটি ২০ লাখ ২৯ হাজার টাকা ও কোস্টগার্ডের জন্য আগাম ১ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
