ভোট করতে পারবেন না বিএনপির প্রার্থী মিল্লাত ও লুনা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:২৯

সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপির দুই প্রার্থী। এরা হলেন জামালপুর-১ আসনের রাশিদুজ্জামান মিল্লাত ও সিলেট-২ আসনের তাহসিনা রুশদী লুনা। এদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছিল হাইকোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার ওই স্থগিতাদেশ বহাল রেখেছেন।

প্রসঙ্গত মিল্লাত ফৌজদারি মামলায় দণ্ডিত এবং লুনা চাকরি থেকে অবসরে যাওয়ার পরেও তিন বছর অতিবাহিত না হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং অফিসার। 

ধানের শীষ পেল আফজাল খান: ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী আফজাল এইচ খানকে ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল এই আদেশ দেন। এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আফজাল খানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল। এর বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

এদিকে পৌর মেয়র পদ থেকে পদত্যাগ না করে দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন সৈয়দ জাহাঙ্গীর। রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করে দেয়। ইসি ওই সিদ্ধান্ত বহাল রাখে। পরে রিট করলে হাইকোর্ট মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেয়। এর বিরুদ্ধে আপিল করলে তা মঞ্জুর করে আপিল বিভাগ।