মুন্সীগঞ্জ সদরের বল্লাল বাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধসহ ৫ র্যাব সদস্য আহত হয়। র্যাব সদস্যরা সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
নিহত সন্ত্রাসীরা হচ্ছে- জেলা শহরের মধ্য কোর্টগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে কানা সুমন (৩৫) ও বল্লাল বাড়ি এলাকার সুরুজ মিয়ার ছেলে লেংরা খসরু (৩৭)। নিহত ২ সন্ত্রাসীর বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে।
র্যাব-১১’র এসপি এনায়েত হোসেন মান্না জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে একটি প্রাইভেটকার যোগে সন্ত্রাসী কানা সুমন ও লেংরা খসরু সদরের বল্লাল বাড়ি মসজিদের সামনে আসে।
এ সময় র্যাব সদস্যরা সেখানে ছুটে যায়। এতে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। পরে সন্ত্রাসী কানা সুমন ও লেংরা সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো জানান, র্যাবের ডিএডি মোকারম হোসেন হাতে ও ল্যান্সনায়েক সাফায়েত হাতে ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহত ৩ র্যাব সদস্যকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।
