আওয়ামী লীগের ইশতেহার ঘোষণায় ঢাবিতে আনন্দ মিছিল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:৪৬

তারুণ্যনির্ভর ইশতেহার ঘোষণায় বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার ইশতেহার ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘তরুণ প্রজম্মের স্বপ্নের অক্ষরে লেখা সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ইশতেহারকে স্বাগত জানিয়ে মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরুর পর কলাভবন, অপরাজেয় বাংলা, কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ইশতেহারে ড. কামাল হোসেন বলেছেন, তারা যুদ্ধাপরাধীদের বিচার করবেন। অথচ তারা ২২ জন যুদ্ধাপরাধীকে মনোনয়ন দিয়েছেন। এ সব করে তারা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিতে চান।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।