থানায় পুলিশের নির্যাতনে গাড়িচালকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০০:৫৩

পুলিশের নির্যাতনে আলমগীর হোসেন (৩৮) নামে এক গাড়িচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তার স্বজনেরা অভিযোগ করে বলেন, গত সোমবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে রাস্তা থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে মাদক মামলায় গ্রেফতার এবং থানা হাজতে রাতভর মারধর করা হয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় তাকে কারাগারে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা জানান, মাদক মামলায় গত মঙ্গলবার থেকে আলমগীর কারাগারে বন্দি ছিলেন। গতকাল দুপুরে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, সোমবার রাতে এসআই মিজানুর রহমান উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে ৮০ পিস ইয়াবাসহ আলমগীরকে গ্রেফতার করেন। মাদক মামলা করা হয় আলমগীরের বিরুদ্ধে। রাতে থানায় রাখা হয় তাকে। মারধর করা হয়নি। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত আলমগীরের ভাই আব্দুর রাজ্জাক জানান, আলমগীর ১১ বছর ধরে ঢাকায় ব্যক্তিমালিকানার গাড়ি চালাচ্ছেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন উত্তরা ১০ নম্বর সেক্টরে। সোমবার রাতে ৭ নম্বর সেক্টরে মালিকের বাড়িতে গাড়ি রেখে বাসায় ফিরছিলেন। আলমগীর কখনো ইয়াবা সেবন বা ব্যবসা করেননি দাবি করে তিনি অভিযোগ করেন, বিনা দোষে তার ভাইকে পুলিশ ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে। রাতভর থানায় তাকে মারধর করেছে পুলিশ। মঙ্গলবার যখন তাকে থানা থেকে বের করে আদালতে নেওয়ার জন্য পুলিশের গাড়িতে ওঠানো হয়, তখন তিনি হাঁটতে পারছিলেন না। রাজ্জাকের অভিযোগ, পুলিশের পিটুনির কারণে তার ভাই মারা গেছেন। এর সুুষ্ঠু বিচার দাবি করেন তিনি। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধায়।