কুমিল্লায় গোমতী নদী থেকে খোরশেদ আলম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীর লাশ রবিবার উদ্ধার করেছে পুলিশ। জেলার বুড়িচং থানা পুলিশ গোমতী নদীর মালাপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে। নিহত খোরশেদ আলম একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, একটি মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি ছিল মাদক ব্যবসায়ী খোরশেদ আলম। গত শুক্রবার রাতে একই উপজেলার মালাপাড়া গ্রামের আবুল বাশার ও সালাহউদ্দিন তাদের ঘনিষ্ঠ বন্ধু খোরশেদ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেই থেকে সে নিখোঁজ ছিল।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করার পর নিহতের বন্ধু আবুল বাশার ও সালাহউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার দুপুরে আটক করা হয়। তাদের তথ্যমতে গোমতী নদীর ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া এলাকা থেকে খোরশেদ আলমের লাশ উদ্ধার করা হয় এবং গোমতীর চরের একটি ঝোপ থেকে নিহতের ব্যবহূত একটি মোবাইল ফোন ও জ্যাকেট উদ্ধার করা হয়।
