চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
চিতলমারীতে প্রভাবশালী মহলের বিরুদ্ধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী পূর্বপাড়া এলাকার গুরুত্বপূর্ণ খালটি দখলের ফলে ঐ এলাকার প্রায় ৫০০ একর ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের গণস্বাক্ষরযুক্ত আবেদন করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধা মো. আতিয়ার রহমান গাজী, ক্ষীরোদ রানা, প্রবীণ রনজিত মজুমদার, সুখলাল বাড়ৈ, নন্দলাল মণ্ডল ও কলেজ শিক্ষক বিধান মজুমদারসহ অনেকে জানান, জনগুরুত্বপূর্ণ সরকারি এই খালটি দীর্ঘ ২০-৩০ বছর যাবত্ একটি প্রভাবশালী মহল দখল করে বাড়িঘর নির্মাণ করেছে। তাছাড়া অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু কেটে খালটি ভরাট করা হচ্ছে। খালটি ভরাটের কারণে এলাকার প্রায় ৫০০ একর ফসলি জমি ও শত শত চিংড়ি ঘেরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তাছাড়া বোরো মৌসুমে সেচ ব্যবস্থা না থাকায় বিপাকে রয়েছেন এলাকার কয়েক শ চাষি। খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে এলাকাবাসী গণস্বাক্ষর করে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুল আলম জানান, খড়মখালী পূর্বপাড়ার একটি সরকালি খাল দখল করে বালু ভরাটের অভিযোগ পাওয়ার পর তাত্ক্ষণিক বন্ধ করা হয়েছে। সরকারি নদী-খাল দখল করে কেউ বালু ভরাট বা অবকাঠামো নির্মাণ করলে তা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
