মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে জয়শংকরের বৈঠক বাতিল

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

বৈঠকে কাশ্মীর নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল

যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর মার্কিন কংগ্রেসের কয়েক জন জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে একটি বৈঠক বাতিল করেছেন। ঐ বৈঠকে কাশ্মীর নিয়ে আলাপ-আলোচনা হওয়ার কথা ছিল।

‘টু প্লাস টু’ সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যান জয়শংকর। সফরের অংশ হিসেবে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বেশ কয়েক জন মার্কিন কংগ্রেসের সদস্যের সঙ্গে তার বৈঠকে বসার কথা ছিল। কিন্তু ডেমোক্রেটিক দলীয় কংগ্রেসের সদস্য প্রমিলা জয়পালের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এই কংগ্রেস সদস্যের উদ্যোগেই সম্প্রতি কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্র একটি কঠোর প্রস্তাব পাশ করে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, জয়শংকর যে বৈঠক বাতিল করেছেন তাতে উপস্থিত হওয়ার কথা ছিল হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এলিয়ট এল এনজেল, মাইকেল ম্যাককলসহ আরো কয়েক জন। কিন্তু ডেমোক্রেটিক প্রতিনিধি জয়পালের উপস্থিতি নিয়ে ভারতীয় মন্ত্রী আপত্তি জানালে বৈঠকটি শেষ পর্যন্ত বাতিল হয়। কমিটির চেয়ারম্যান জয়পালকে ছাড়া বৈঠকে বসতে অস্বীকৃতি জানান।

ঐ কংগ্রেস নেতার কথা ইঙ্গিত করে জয়শংকর বলেন, ‘তার সঙ্গে বৈঠকের কোনো আগ্রহ আমার নেই। কংগ্রেস নেতার প্রস্তাব সম্পর্কে আমি অবগত। আমি মনে করি না তার প্রস্তাবের মাধ্যমে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি বা ভারত সরকার যা করছে তা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে।

সাংবাদিকরা জয়শংকরের কাছে জানতে চান ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রস্তাবটি তার সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কি না। জবাবে তিনি বলেন, ‘যারা আলোচনার জন্য উন্মুক্ত তাদের সঙ্গে বৈঠকের আগ্রহ আমার রয়েছে। কিন্তু যারা এরই মধ্যে নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাদের সঙ্গে বৈঠকের কোনো আগ্রহ নেই।’