মদনপুরে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ সাগর আহম্মেদ (৩০) ও জুয়েল (২৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১’র সদস্যরা।

শুক্রবার  দুপুর ১২ টায় জেলার বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ডে র‌্যাবের চেকপোষ্টে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  

এসময় শ্যামলী পরিবহনের ওই চেয়ার কোচে তল-াশী করে চেসিসের ভিতরে অভিনব পন্থায় রক্ষিত ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, খুলনা জেলার ডুমুরিয়া থানার বাঘাধারী এলাকার সাগর আহম্মেদ, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার সাদিকপুর এলাকার জুয়েল। একই দিন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি’র ভারপ্রাপ্ত কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সাগর আহম্মেদ পেশায় একজন বাসের হেলপার। সে বাসের হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত বাসের হেলপার তার একটি ছদ্মবেশ মাত্র। জিজ্ঞাসাবাদে আরো স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে এবং তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।

আরও পড়ুন: চলে গেলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

ইত্তেফাক/কেকে