পটিয়ায় প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার দুই জন গ্রেফতার

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯

চট্টগ্রামের পটিয়ায় ওমান প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা গ্রামে একটি গাছ বাগানে এই গণধর্ষণের ঘটনা ঘটে। নলান্ধা গ্রামের নুরুল হাকিমের পুত্র নুরুল আজিম প্রকাশ দুলু (২৬), একই এলাকার মৃত মোজাহের মিয়ার পুত্র খোরশেদ আলম (২৫), নুরুল ইসলামের পুত্র মঈনুদ্দিন (২৮) ও সামশু কোম্পানির পুত্র রাশেদুল আলম প্রকাশ রাজু (৩৫) ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এলাকার লোকজনের সহযোগিতায় পুলিশ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে দুলু ও খোরশেদকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসভার উত্তর গোবিন্দারখীল গ্রামের এক ওমান প্রবাসীর স্ত্রী বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। আত্মীয় নলান্ধা গ্রামের বাদশা মিয়ার বউ মর্তুজা বেগম। সন্ধ্যায় প্রবাসীর স্ত্রী আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় ৪ জন বখাটে যুবক সিএনজি গাড়ি করে নলান্ধা গ্রামের গরুলুটা খালের পাশে একটি গাছ বাগানে নিয়ে গণধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষকরা প্রবাসীর স্ত্রীকে ফেলে চলে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে চার ধর্ষকের মধ্যে দুইজনকে আটক করে। প্রবাসীর স্ত্রী ৪ সন্তানের জননী। কোলাগাঁও ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন মধু জানিয়েছেন, ধর্ষণকারীরা বখাটে। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত। 

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, পুলিশ নলান্ধা গ্রামে অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে। প্রবাসীর স্ত্রী বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।