অভিশংসিত হয়েছি মনেই হচ্ছে না, সিনেটে দ্রুত নিষ্পত্তি করুন: ট্রাম্প

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০১:০৬

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করেছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, তার মনেই হচ্ছে না যে তিনি অভিশংসিত হয়েছেন এবং ভবিষ্যতে এটি তার জন্য কোনো হুমকি হয়ে আসবে। ডেমোক্র্যাটদের উদ্দেশে তিনি বলেছেন, যদি এতই আত্মবিশ্বাস থাকে, তবে সিনেটে দ্রুত বিচার শুরু করুন।

বুধবার কংগ্রেসের নিম্নকক্ষে ট্রাম্পকে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিশংসন করা হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট সাক্ষীদের প্রত্যাখ্যান করছে এবং এ কারণে সুষ্ঠু বিচার হবে না, এমন যুক্তিতে ডেমোক্র্যাটরা এই কার্যক্রম শুরু করতে গড়িমসি করছে। এই হাউজে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এর ফলে সেখানে অভিশংসনের বিষয়টি উঠলেই ট্রাম্প খালাস পেয়ে যাবেন এটি প্রায় নিশ্চিত।

বৃহস্পতিবার একাধিক টুইটের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন যে, তাদের মামলাটি ‘ভীষণ খারাপ’ বলেই তারা বিচারের দিকে যেতে চাইছেন না।

তিনি টুইট করেন, ‘ডেমোক্র্যাটরা নিম্নকক্ষে আমাকে কোনো যথাযথ প্রক্রিয়ার মধ্যে যেতে দেয়নি। কোনো আইনজীবী, কোনো সাক্ষী, কিছুই নেই। তাদের কোনো বিষয়ে কোনো প্রমাণ নেই, এমনকি তারা কখনো বিষয়টি নিয়ে সামনেও আসবে না। নিজেরা লজ্জায় পড়ে গেছে একারণে এই বিচার হোক, তা চায় না। তবে আমি অবিলম্বে এর বিচার চাই।’

উল্লেখ্য, অভিশংসনের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য প্রতিনিধি পরিষদকে অবশ্যই আর্টিকেলটি সিনেটে পাঠাতে হবে। কিন্তু ১০০ আসনের সিনেটে ৫৩ জন রিপাবলিকান সদস্য রয়েছেন। প্রেসিডেন্টকে বিচারে দোষী সাব্যস্ত করে তার পদ থেকে সরাতে হলে সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে।

ডেমোক্র্যাটরা আশা করছে, বিচার বিলম্বিত করলে তা একটি পূর্ণাঙ্গ বিচারের পক্ষে জনমত জোরালো করবে। একই সঙ্গে অভিযোগ থেকে দ্রুত খালাস পাওয়ার সুযোগও তিনি পাবেন না। ফলে নিম্নকক্ষে পাশ হওয়া অভিশংসনের খড়্গ কাঁধে তাকে নিয়ে চলতে হবে যতদিন খালাস না পান।

কিসের অভিযোগ:

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের ব্যাপারে তদন্ত শুরু না করা পর্যন্ত তিনি ইউক্রেনের সামরিক সহায়তা আটকে দেন। কংগ্রেস ৪০ কোটি ডলারের এই সহায়তা অনুমোদন করেছিল। তিনি ইউক্রেনের নতুন প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউজে একটি বৈঠকও বাতিল করে দিয়েছিলেন। জো বাইডেন যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তার ছেলে হান্টার ইউক্রেনের একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছিলেন। ট্রাম্পের অভিযোগ ঐ সময়ে পিতা-পুত্র মিলে দুর্নীতি করেছিলেন, যার তদন্ত করার উচিত ইউক্রেনের।—বিবিসি

ইত্তেফাক/এসআর