বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম ম্যাচে মুখোমুখি মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স এবং মোসাদ্দেক হোসেনের সিলেট থান্ডার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলপতি মুশফিক। ব্যাটিংয়ে নেমে সিলেট নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৩২ রান। সিলেটের পক্ষে ক্যারিবীয়ান ওপেনার আন্দ্রে ফ্লেচার হাঁকান সেঞ্চুরি।
শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানের মাথায় বিদায় নেন সিলেটের ওপেনার আবদুল মজিদ (২)। এরপরই সিলেটকে টানতে থাকেন দুই ক্যারিবীয়ান আন্দ্রে ফ্লেচার এবং জনসন চার্লস। দ্বিতীয় উইকেট জুটিতে তারা স্কোরবোর্ডে যোগ করেন ১৫০ রান।
দলীয় ১৬১ রানের মাথায় বিদায় নেন চার্লস। তার আগে জহুর আহমেদে ক্যারিবীয়ান ঝড় তুলেছিলেন। ৩৮ বলে করেন ৯০ রান। তার ব্যাট থেকে আসে ১১টি চারের পাশাপাশি ৫টি ছক্কার মার। মোহাম্মদ মিঠুন (৩) থিতু হওয়ার আগেই বিদায় নেন। দলপতি মোসাদ্দেক ১১ বলে করেন ১১ রান।
ক্যারিবীয়ান ওপেনার আন্দ্রে ফ্লেচার সেঞ্চুরি হাঁকান। ৫৩ বলে ১১টি চার আর ৫টি ছক্কায় তিনি তিন অঙ্ক স্পর্শ করেন। বিপিএলে এটি ১৯তম সেঞ্চুরি। তবে, চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি। শেষ অবধি ৫৭ বলে করেন অপরাজিত ১০৩ রান। নাজমুল হোসেন মিলন করেন ১১ রান।
খুলনার রবি ফ্রাইলিঙ্ক ৪ ওভারে ৩৭ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। মোহাম্মদ আমির ৪ ওভারে ৪৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। শফিউল ইসলাম ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন একটি উইকেট। শহিদুল ইসলাম ৪ ওভারে ৪৮ রান খরচায় তুলে নেন একটি উইকেট। মেহেদি হাসান মিরাজ কোনো উইকেট না পেলেও রবিউল ইসলাম একটি উইকেট তুলে নেন।
এবারের আসরে খুলনার এটি চতুর্থ ও সিলেটের পঞ্চম ম্যাচ। এ পর্যন্ত ৩ ম্যাচে অংশ নিয়ে শতভাগ সাফল্য পেয়েছে খুলনা। ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় খুলনা। এরপর চট্টগ্রামের মাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে খুলনা। গতকাল রংপুর রেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে হ্যাট্টিক জয়ের স্বাদ নেয় খুলনা।
খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), রিলি রৌসু, রবি ফ্রাইলিঙ্ক, সাইফ হাসান, শামসুর রহমান, রহমানউল্লাহ গুরবাজ, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, রবিউল হক ও শহিদুল ইসলাম।
সিলেট থান্ডার একাদশ : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আব্দুল মাজিদ, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, মনির হোসেন খান, এবাদত হোসেন, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সানতোকি, জনসন চার্লস ও নাভিন উল হক।
ইত্তেফাক/বিএএফ
