বিপিএল খেলার মাঠে যেভাবে দর্শক বাড়ানো যেতে পারে

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:০১

/ তানভীর আহাম্মেদ

 

 —ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা যেতে পারে। তাহলে গ্যালারির কোনো আসন খালি থাকবে না। তবে দর্শক খেলা দেখছে না ফোনের ডিসপ্লে দেখছে, তা নিয়ে প্রশ্ন করা যাবে না।

 

—কাপলদের দিকে ক্যামেরা তাক করা যাবে না, এমন নির্দেশ দেওয়া যেতে পারে। কারণ প্রতি ম্যাচেই কাপলরা শখ করে খেলা দেখতে গিয়ে টিভির মাধ্যমে বাসায় ধরা খায়। তাই এই ‘ক্যামেরা তাক করা’ বন্ধের ঘোষণা এলে কাপলরা টিকিট কিনতে পারে।

 

—কোম্পানির প্রচারের মতো বিসিবির প্রচারের স্বার্থে টিকিটের দাম তিন ভাগের এক ভাগ করা যেতে পারে।

 

—বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে চুক্তি করে অ্যাসাইনমেন্ট-স্বরূপ শিক্ষার্থীদের মাঠে পাঠানো যেতে পারে।

 

—ম্যাচ শেষে দর্শকদের জন্য তবারক বিতরণের ব্যবস্থা করা যেতে পারে।

 

—এলাকার পলিটিক্যাল বড় ভাই/লিডারদের দিয়ে চ্যালাপেলাদের মাঠে যাওয়ার জন্য মোটিভেট করা যেতে পারে। না গেলে সুবিধা বন্ধ।

 

—গ্যালারিতে ছবি তোলার জন্য ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশন করা যেতে পারে।

 

—সারাদিন গ্যালারিতে হই-হুল্লোড় করে যেসব দর্শকের গলা ভাঙবে, ম্যাচ শেষে তাদের  নিয়ে বারবিকিউয়ের আয়োজন করার ঘোষণা দেওয়া যেতে পারে। থাকবে র্যাফেল ড্রয়ের ব্যবস্থাও।

 

—গ্যালারিতে নামীদামি রেস্তোরাঁর অস্থায়ী ব্রাঞ্চ খোলার অনুমতি দেওয়া যেতে পারে। থাকবে ডিস্কাউন্টও।