কান ধর

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:০৮

 

/ সৈয়দ রোকন উদ্দিন

 

ঘরে যদি রোজ থাকে

গোলমাল

গাছে বসে জিন বলে

ঘোল ঢাল।

 

সেই ঘোলে পিছলায়

বান্দর

জিন বলে এইবার

কান ধর।

 

কান ধরে বান্দর

লজ্জায়

পড়ে থাকে ঘোলঢালা

সজ্জায়।

 

তাই দেখে হনুমান

ফাল দেয়—

ঘরে ঢুকে ফিসফাস

তাল দেয়।

 

সেই তালে ঘর হয়

নড়বড়

এক ঘরে সব্বাই

পর-পর।

 

ঘরবাসী একটুতে

চমকায়

টিকটিকি ছারপোকা

ধমকায়।