বর্ষসেরা কে আজ?

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:০৯

 

/ সত্যজিত্ বিশ্বাস

 

দু হাজার উনিশ

আমার কথা কী শুনিস?

কী পেলাম, কী পেলাম না

কিছুই কী তুই গুনিস?

 

গ্রীষ্ম গেল, বর্ষা গেল

ধুলো, কাঁদায় ডুবে,

দিনের বেলায় চাঁদ দেখি

পশ্চিমে আর পুবে।

 

শরত্, হেমন্ত এখন আছে?

ওরে কেউ আমায় বল,

কাশবনেতে পোজ দিলেই

শরত্ এলো LOL !

 

ডিসেম্বর যায় যায়  

শীত খুঁজি বিকেলে, 

ক্যালেন্ডার ডেকে কয়—

এ বছর কী পেলে?

 

ডেঙ্গু পেলাম বছরজুড়ে

পেলাম পর্দা, বালিশ,

গুজবের কান চিলে নেয়,

জানাই কাকে নালিশ?

 

ক্যাসিনো, সাকিব পেছনে ফেলে

ডাবল সেঞ্চুরি পেঁয়াজ,

‘২০১৯’ বল দেখি তুই

বর্ষসেরা কে আজ?