রাজাপুরে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:০০

ঝালকাঠির রাজাপুরে অন্তসত্বা ২ সন্তানের জননী গৃহবধূ নাসিমা বেগমের (২৮) মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম পুটিয়াখালীতে স্বামীর বাড়িতে তিনি মারা যান। গৃহবধূর স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে ধুম্রজালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

গৃহবধূ নাসিমা বেগম পাশ্ববর্তী উপজেলা ভান্ডরিয়ার শিয়ালকাঠি গ্রামের মোঃ ইসমাইল খানের মেয়ে ও গালুয়া ইউনিয়নের পশ্চিম পুটিয়াখালী এলাকার মোঃ ইউসুব হাওলাদারের পুত্রবধূ।

গৃহবধূর পিতার পরিবারের দাবি মারধর করার পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে নাসিমাকে হত্যা করা হয়েছে। সকালে ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ গৃহবধূ নাসিমার মৃতদেহ স্বামীর ঘর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গৃহবধুর স্বামী রিকশাচালক মোঃ বাবলু হাওলাদারকে পুলিশ আটক করেছে।

গৃহবধূ নাসিমার স্বজনরা জানান, বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতো। সর্বশেষ তাকে স্বামী বাবলু স্বাস রোধ করে হত্যা করল।

স্থানীয় লোকজন জানান, গৃহবধূ নাসিমা ৫ মাসের গর্ভবতী থাকায় শারীরিকভাবে খুব অসুস্থ ছিল। তাদের দাবি এ অসুস্থতার জন্য নাসিমার মৃত্যু হয়েছে। 

রাজাপুর থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য নিহতের স্বামী বাবলুকে আটক করা হয়েছে। সুরতহাল রিপোর্টে নাসিমার শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারন নির্ণয়ের জন্য গৃহবধূর লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।

ইত্তেফাক/নূহু