স্পেনে চলমান রাজনৈতিক সংকটের ছাপ পড়েছিল গত বুধবারের এল ক্লাসিকোতেও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার দ্বৈরথ চলাকালীন সময়ে দর্শকরা রাজনৈতিক স্লোগান সংবলিত বল ফেলেছিল মাঠে। এর ফলে লা লিগার জরিমানা ও হুঁশিয়ারির মুখে পড়েছে বার্সেলোনা। ভবিষ্যতে এমন কিছু ঘটলে ক্লাবটির ‘হোম ভেন্যু’ ন্যু ক্যাম্পের ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খড়গও! ম্যাচটির দ্বিতীয়ার্ধে দর্শকরা ‘স্পেন সিট অ্যান্ড টক’ সংবলিত হলুদ বল মাঠে ছুঁড়ে মেরেছিল। যার ফলে প্রায় মিনিট দুয়েকের মতো খেলাও বন্ধ রাখতে হয়েছিল রেফারি আলেহান্দ্রো এরনান্দেজ এরনান্দেজকে। দর্শকদের এমন কাজ স্পেন ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কোডের ১০১.২ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। এর ফলে বার্সেলোনাকে ১৫০০ ইউরো জরিমানা করেছে লিগ কর্তৃপক্ষ। ভবিষ্যতে এমন কিছুর পুনরাবৃত্তি ঘটলে স্টেডিয়ামই নিষিদ্ধ হয়ে যেতে পারে, এমন হুঁশিয়ারিও পেয়েছে কাতালান ক্লাবটি।
