স্টাফ রিপোর্টার, রংপুর
শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে ৭২ ঘণ্টায় এক অন্তঃসত্ত্বাসহ ১১ জন দগ্ধ হয়েছে। এসব ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় আহত দুই জনকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে রংপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন প্লাস্টিক সার্জারি কর্মরত চিকিত্সক ডা. সোহানুর রহমান শুভ জানান, আগুন পোহাতে গিয়ে দগ্ধদের মধ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির সাদেকুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৬০) শুক্রবার রাত সাড়ে ৯টায় মারা গেছেন। এছাড়া আরো ১০ জন ভর্তি আছেন। এদের মধ্যে গুরুতর আহত নীলফামারীর আরিফা (৭) ও লালমনিরহাটের পাটগ্রামের রসুলপুরের জয়নব বেওয়াকে (৬৫) ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
