চট্টগ্রামে নারী পোশাক কর্মী খুন, স্বামী আটক

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:২১

নগরীতে নিজবাসায় খুন হয়েছে জেসমিন আক্তার (২৪) নামে এক পোশাককর্মী। খবর পেয়ে পুলিশ তার বাসা থেকে লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানান পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খুন হওয়া পোশাককর্মীর স্বামী আব্দুর রাজ্জাককে (৩০) আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর বন্দরটিলা বক্সআলী মুন্সী রোডের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জেসমিন সিইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী পেশায় বাবুর্চি।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গণি জানান, জেসমিন ও রাজ্জাক দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। রাজ্জাক তার প্রথম বিয়ের কথা গোপন করে জেসমিনকে বিয়ে করেন। তবে জেসমিন তার বিয়ের বিষয়টি গোপন করেননি। এ বিষয় নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতো। গত শুক্রবার রাতেও ঝগড়া হয়েছিল। ঝগড়ার এক পর্যায়ে রাজ্জাকই জেসমিনকে শ্বাসরোধ করে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। তার গলায় আঙুলের দাগ পাওয়া গেছে।