এবার ‘মিশন এক্সট্রিম’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৪

 

আবারও সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় দর্শকের সামনে হাজির হচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় দর্শকেরা তাকে এমন চরিত্রে দেখতে পাবেন। এর আগে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রটি ক্রাইম, থ্রিল, সাসপেন্স ও অ্যাকশন-নির্ভর একটি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হবে। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সানী সানোয়ার। তিনি সিনেমাটিতে শুভর অভিনয়ের ব্যাপারে নিশ্চিত করে বলেন, ‘‘ঢাকা অ্যাটাক’ সিনেমার পর দর্শক এমন সিনেমা আরও দেখতে চাইছে। অনেক অনুরোধ আসে। সেই চাহিদার ওপর ভিত্তি করে ‘মিশন এক্সট্রিম’ নির্মাণ হতে যাচ্ছে। এই সিনেমাটির গল্প বলার ধরন, অ্যাকশন দৃশ্য চিত্রায়ণ এবং বিভিন্ন দৃশ্যে প্রযুক্তির ব্যবহার বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ টিমের দ্বিতীয় সিনেমা। এটি পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী বছরের মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।