আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সর্বত্র এখন তীব্র শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। গত তিন/চারদিন থেকে সূর্যের দেখা নেই বললেই চলে। শীত থেকে রক্ষা পেতে গরম কাপড় বিক্রির দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ।
সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, শায়েস্তাগঞ্জের পৌরমার্কেট, কে আলী প্লাজা ও দাউদনগর বাজার এলাকার কাপড়ের মার্কেটগুলোতে এখন উপচে-পড়া ভিড়। সকাল থেকে মধ্যরাত অবধি জমজমাট থাকে এই গরম কাপড়ের মার্কেট। এখানে শিশু থেকে শুরু করে বয়স্ক নারী-পুরুষ সকলের জন্যই রয়েছে শীত নিবারণের গরম কাপড়। এদিকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে দাউদনগর বাজার হয়ে নতুন ব্রিজ পর্যন্ত সড়কে অস্থায়ীভাবে স্থাপিত ফুটপাতের দোকানেও বিক্রি হচ্ছে শীতবস্ত্র। ঐ বিক্রেতারা আগত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য ‘দেইখ্যা লন, বাইছ্যা লন’ ইত্যাদি চটকদার বাক্য উচ্চারণ করে ডাকতে থাকেন। এই স্ট্রিট মার্কেটে স্বল্প থেকে শুরু করে অধিক মূল্য পর্যন্ত বিভিন্ন ধরনের গরম কাপড় বিক্রি করেন ব্যবসায়ীরা। শুধু শীত মৌসুমেই গরম কাপড় কেনা-বেচা করে থাকেন এ ব্যবসায়ীরা। বছরের অন্যান্য সময় এখানে তেমন কেনা-বেচা না হলেও শীতের সময় এখানকার ব্যবসা জমজমাট থাকে। বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের এ ব্যবসা। গরম কাপড় ক্রয় করতে আসা আলী আহসান জানান, নামি-দামি মার্কেটের তুলনায় স্ট্রিট মার্কেটে কমদামে ভালো শীতের কাপড় পাওয়া যায়। তাই সবসময় তার ও পরিবারের সকলের জন্য এখান থেকেই শীতের কাপড় কেনেন তিনি।
ফুটপাতের ব্যবসায়ী জামাল মিয়া বলেন, তিনি সাধারণত পশমী বিভিন্ন ধরনের গরম জামা-কাপড় বিক্রি করেন। গত কয়েকদিন ধরে এসব পোশাকের চাহিদা বেড়েছে। বিক্রিও খুব ভালো। গরম কাপড় ব্যবসায়ী হাবিবল্লাহ বলেন, শীতের শুরুতে ভালোই ব্যবসা হচ্ছে।
