একই সঙ্গে অনেক রূপ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৫

 

g তা হ মি না  মি লি

 

হলিউডে জেনিফার লোপেজের পদচারণার শুরু ১৯৮৬ সালে। ‘মাই লিটল গার্ল’ সিনেমায় তাকে প্রথম দেখা গিয়েছিল একটি ছোট্ট রোলে। গায়িকা, নৃত্যশিল্পী, প্রযোজক ইত্যাদি পরিচয়ে পরিচিতি লাভ করলেও অভিনেত্রী হিসেবে জেলো কোনো অংশে কম যান না—তিনি এটা প্রমাণ করেছেন এরমধ্যেই। তার অভিনীত উল্লেখযোগ্য হলিউডি সিনেমার মধ্যে রয়েছে ‘মাই ফ্যামিলি’, ‘ব্লাড অ্যান্ড ওয়াইন’, ‘সেলেনা’, ‘অ্যানাকোন্ডা’, ‘ইউটার্ন’, ‘আউট অব সাইট’, ‘দ্য সেল’, ‘দ্য ওয়েডিং প্ল্যানার’, ‘অ্যাঞ্জেল আইজ’, ‘মেন ইন ম্যানহাটন’, ‘গিগলি’, ‘জার্সিগার’, ‘ম্যা উই ড্যান্স’, ‘পার্কার’, ‘দ্য বয় নেক্সট ডোর’, ‘হোম’, ‘লিলা অ্যান্ড ইভ আইস এজ কলিশন কোর্স’ প্রভৃতি। সুন্দরী এই সংগীত তারকা গানে গানে বিশ্ব মাতিয়েছেন। তার মিউজিক ভিডিওগুলো যেকোনো বয়সী দর্শককে খুব সহজেই আলোড়িত করে। জেনিফার লোপেজ অভিনীত নতুন সিনেমা ‘সেকেন্ড অ্যাক্ট’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। সিনেমাটিতে তাকে একটি ভ্যালু শপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মায়া ভারগাসের ভূমিকায় দেখা যাবে। মায়া তার ৪৩তম জন্মদিনে চাকরিতে একটি প্রমোশন পেতে মরিয়া হয়ে ওঠে। তবে তার কর্মজীবনের রেকর্ড ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পারে না। মায়া ভারগাস দোকানে আসা ক্রেতাদের চাহিদার কথা শোনার পর সে অনুযায়ী কাজ করে। একসময় তার চাকরিটা চলে যায়। এরপর নিজের যোগ্যতা প্রমাণের জন্য ম্যাডিসন এভিনিউতে নতুন আরেকটি কাজে লেগে পড়ে। ১০৪ মিনিট দৈর্ঘ্যের হলিউডি সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন জেনিফার লোপেজ। ‘সেকেন্ড অ্যাক্ট’ সিনেমাটির মুক্তিকে ঘিরে বেশ উত্তেজনার মধ্যে রয়েছেন তিনি। এ সিনেমা তার অভিনয় জীবনে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। ‘সেকেন্ড অ্যাক্ট’ সিনেমার মায়া ভারগাস চরিত্রটি জেলোর ক্যারিয়ারে দারুণ এক চ্যালেঞ্জ হয়ে এসেছিল, একথা সাম্প্রতিক এক সাক্ষাত্কারে স্বীকার করেছেন তিনি। এক মধ্যবয়সী নারীর মানসিক দ্বন্দ্ব, সামাজিক ও পেশাগত সংঘাত, উচ্চাভিলাস প্রভৃতি দিক ফুটিয়ে তোলার ক্ষেত্রে অনেক সিরিয়াস থাকতে হয়েছে তাকে। গানের মানুষ হয়েও অভিনয়ে বেশ সিরিয়াস জেনিফার লোপেজ হলিউড তারকা হিসেবে চমত্কার একটি অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অবশ্য এর পিছনে তার একান্ত প্রচেষ্টা সবচেয়ে বেশি কাজ দিয়েছে। হলিউডে জেনিফার লোপেজ প্রথমত একজন গায়িকা, যিনি অভিনয়ে এসে সাফল্য পেয়েছেন। আজকাল তিনি সিনেমা ও টিভি অনুষষ্ঠান পরিচালনা করতে চাইছেন। লোপেজ সম্প্রতি তার ‘লিমিটলেস’ গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। এই গানটি আবার তার সাম্প্রতিক সিনেমা ‘সেকেন্ড অ্যাক্ট’-এ অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, এইচবিওর জন্য নির্মাণাধীন টেলিভিশন ফিল্মটির নির্বাহী প্রযোজক হিসেবেও জেলো দায়িত্ব পালন করছেন। ওদিকে সিবিএসের জন্যও আরেকটি ড্রামা সিরিজ নির্মাণ কাজে অনেকটা এগিয়ে গেছেন তিনি। এনবিসির জন্য ‘সিআরআইএসপিআর’ নামে অন্য একটি সিরিজ তৈরির কাজেও ব্যস্ত আছেন লোপেজ। ২০১৯ সালের কোনো এক সময়ে এনবিসির জন্য ‘বাই বাই ব্রাইডি লাইভ’ শোতে নিজে অংশগ্রহণ এবং নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পরিকল্পনা আছে তার। আগামীতে এসটিএক্স ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য ‘দ্য হুইসটিয়ারস অ্যাটস্কোরস’ সিনেমায় জেনিফার লোপেজের কাজ করার কথা চলছে বর্তমানে। গায়িকা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, নৃত্যশিল্পী—একই সঙ্গে অনেক রূপ ধারণ করে বেশ দাপটের সঙ্গে সময় পার করছেন এই শিল্পী।