নতুন পরিচয়ে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৬

g রফিকুল ইসলাম

 

দর্শকপ্রিয় মঞ্চ ও টিভি অভিনেত্রী হোমায়রা হিমু দীর্ঘদিন যাবত অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। এখনো নিয়মিত অভিনয় করছেন তিনি। এবার নতুন একটি পরিচয়ের সঙ্গে যুক্ত করলেন নিজেকে। একটি রিয়েলিটি শো’র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হওয়া ‘মুক্তির উল্লাসে বাংলা গানের প্রতিযোগিতা’ স্লোগানকে সামনে নিয়ে ‘বিডি সিঙ্গার অব দ্য নেশন’ রিয়েলিটি শো’র পরিচালক হয়েছেন তিনি। এই রিয়েলিটি শো’র মাধ্যমে সারাদেশ থেকে খুঁজে বের করা হবে প্রতিভাবান সংগীতশিল্পী। এ প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘জীবনে প্রথমবার অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব কাঁধে নিয়েছি। নতুন এই কাজটি আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি। আয়োজক কমিটির কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এমন চ্যালেঞ্জিং একটি দায়িত্ব দিয়েছেন। আমি আমার কাজ যথাযথ গুরুত্বের সঙ্গে করার আশা রাখছি। আমার বিশ্বাস এই রিয়েলিটি শো’র মধ্যদিয়ে আমরা বাংলাদেশের সংগীতাঙ্গনে নতুন ভালো প্রতিভাবান কিছু সংগীতশিল্পী খুঁজে পাব।’ আগামী তিন মাস পর এই শো’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লক্ষ টাকা। এ ছাড়াও আরও যারা বিজয়ী হবেন তাদের জন্যও থাকবে নানা পুরস্কার। হোমায়রা হিমু জানান এই রিয়েরিটি শো’র আয়োজক তূর্য-তানি সেইফ হাউস। এদিকে নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন হোমায়রা হিমু। সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়া বিবি’, ফরিদুল হাসানের ‘কমেডি ৪২০’, জিএম সৈকতের ‘ডিবি’সহ আরও বেশকিছু ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। হোমায়রা হিমু অভিনীত মোরশেদুল ইসলাম ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।