g মা হ মু দু ল আ মি ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী ও নন্দিত নাট্যাভিনেত্রী শাহানাজ খুশীর জুটি নাটকের দর্শকদের সবসময়ই অন্যরকম আনন্দ দেয়। এই জুটি নিয়ে নাট্যনির্মাতা সকাল আহমেদ ‘ভদ্রপাড়া’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। এটি রচনা করেছেন বৃন্দাবন দাস। এরইমধ্যে নাটকটির ২৬ পর্বের শুটিং হয়েছে। সকাল আহমেদের নির্দেশনায় আবারও শাহানাজ খুশীর সঙ্গে ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘শুরুতেই দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তারা আমার ও শাহানাজ খুশীর নাটক আগ্রহ নিয়ে দেখেন। দর্শকের আগ্রহের কারণেই আমরা একসঙ্গে কাজ করি। এরকম জুটির চাহিদা দর্শকদের কাছে তৈরি হওয়া ভাগ্যের ব্যাপার। যাহোক, সকাল আহমেদের নির্দেশনায় কাজ করতে আমি দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি। বৃন্দাবন দাদার গল্পে কোনো না কোনো মেসেজ থাকে। এই ধারাবাহিকেও তা আছে। সকাল আহমেদ অনেক যত্ন নিয়েই ধারাবাহিকটি নির্মাণ করেছেন। যে কারণে এই ধারাবাহিক নিয়ে আমার নিজের মধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। আমি সমসাময়িক যে ক’টি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি, তার মধ্যে ‘ভদ্রপাড়া’ ভালো একটি নাটক। দর্শককে বলব, অবশ্যই আপনারা নাটকটি দেখবেন।’ শাহানাজ খুশী বলেন, ‘সকাল আহমেদের প্রতি কৃতজ্ঞতা এমন সুন্দর একটি গল্প নিয়ে যত্ন করে কাজটি করেছেন। সত্যি বলতে কী, অনেক বিতর্কিত বিষয় নিয়ে, অহেতুক বিষয় নিয়ে এখন অনেক নাটক নির্মিত হচ্ছে। এমন সময়ে সুস্থ বিনোদন দেওয়ার লক্ষ্যে বৃন্দাবন দাস ‘ভদ্রপাড়া’ নাটকটি রচনা করেছেন, নির্মাণ করেছেন সকাল। আমার বিশ্বাস, এই ধারাবাহিক দেখে দর্শক বিনোদিত হবেন, আবার দর্শকের মনের মধ্যে ভাবনার সৃষ্টি হবে। দর্শকের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার ও চঞ্চলের নাটকের প্রতি সবসময়ই আগ্রহ প্রকাশ করে আসছেন।’ এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, অর্ষা, লুত্ফর রহমান জর্জ, আরফান আহমেদসহ আরও অনেকে। নাটকটি বাংলাভিশনে আগামী ফেব্রুয়ারিতে প্রচার করা শুরু হবে।
