পিয়ার টার্গেট

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৭

গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সজীব চৌধুরীর ওপর প্রতিশোধপরায়ণ হয়ে তাকে প্রাণে মেরে ফেলতে মরিয়া ঢাকার কুখ্যাত মাফিয়া ডন বাদশা। এমন থ্রেট আর আতঙ্ক মাথায় নিয়ে ছুটিতে ঢাকার বাইরে একটি রিসোর্টে স্ত্রী রেসিকে নিয়ে ঘুরতে আসে সজীব চৌধুরী। সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় বিখ্যাত র্যাম্প মডেল সাইকার। খুব অল্প সময়ের মধ্যে সজীবের সঙ্গে সাইকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এখানে আসলে বন্ধুত্বের আড়ালে সাইকার টার্গেট সজীব। তার মূল উদ্দেশ্য সজীবকে মেরে ফেলা। সে ডন বাদশার একান্ত সঙ্গী এবং তার নির্দেশেই সজীবকে খুন করতে এখানে এসেছে। এদিকে সাইকা তার কাজ ঠিকমতো করছে কি না সেটি জানার জন্য গুপ্তচর হিসেবে অপর সহকর্মী সোহেলকে পাঠায় বাদশা। সোহেল রিসোর্টে এসে তার নিজের স্বার্থের কথা ভেবে সাইকাকে মেরে ফেলার নতুন পরিকল্পনা করে। তার টার্গেট হয় ডনের প্রিয় সাইকা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘টার্গেট’। বিদ্যুত্ রায়ের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান ঈসা। এখানে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও পিয়া বিপাশা। এতে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, বড়দা মিঠু প্রমুখ। টেলিছবিটিতে অভিনয় প্রসঙ্গে পিয়া বলেন, ‘এর গল্প অসাধারণ। আমার চরিত্রটিও বেশ মজার। সব মিলিয়ে একটা ভালো কাজ হয়েছে। আশা করি দর্শকদেরও এটি ভালো লাগবে।’