কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলির একটি অধিবেশনে ম্যানুয়েল মাররেরো ক্রুজকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। ওই অধিবেশনে সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোও যোগ দেন। চার দশকেরও বেশি সময় পর কিউবায় প্রথম কোনো প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। পর্যটন বিষয়ক মন্ত্রী ম্যানুয়েল মাররেরো ক্রুজ শনিবার কিউবার নতুন এই দায়িত্ব পান।
ক্যারিবিয়ান দেশটিতে সর্বশেষ এ পদে ছিলেন কিংবদন্তি বিপ্লবী ফিদেল কাস্ত্রো। ১৯৭৬ সালে তার তত্ত্বাবধানেই প্রধানমন্ত্রী পদটি বিলুপ্ত হয়ে কিউবায় প্রেসিডেন্ট নেতৃত্বাধীন সরকারব্যবস্থা চালু হয়েছিল। চলতি বছরের শুরুতে পাস হওয়া নতুন সংবিধানে প্রধানমন্ত্রী পদটি ফিরিয়ে আনা হয়। -বিবিসি
