ইরাকে পুনরায় সংগঠিত হচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। দুই বছর আগে হাতছাড়া হয়ে যাওয়া অঞ্চলগুলো নিয়ন্ত্রণে আনতে ফের তৎপরতা শুরু করেছে জঙ্গি গোষ্ঠীটি। তবে বর্তমান আইএস আগের চেয়ে আরও বেশি সংগঠিত এবং প্রযুক্তিগত দিক দিয়েও অনেক এগিয়ে। গত কয়েক মাসে ইরাকে আইএসের হামলার পরিমাণও বেড়েছে। কুর্দিশ ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরাকি কুর্দি বাহিনীর সন্ত্রাস বিরোধী বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান আইএস জঙ্গিরা আল-কায়েদার চেয়ে বেশি দক্ষ ও বিপজ্জনক। যুদ্ধ কৌশলে তারা অনেক এগিয়ে। আর্থিক দিক দিয়েও তারা অনেক শক্তিশালী। তারা এখন চাইলেই যানবাহন, অস্ত্র, খাদ্য সরবরাহ এবং সরঞ্জাম কিনতে সক্ষম। তাই তাদেরকে উৎখাত করাও অনেক কঠিন হয়ে পড়ছে বলে জানান এই কুর্দিশ কর্মকর্তা।
জ্যানারি এজেন্সির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানান, আইএসের তৎপরতা দিন দিন বাড়ছে। তারা ইতোমধ্যে সংগঠিত হয়ে গেছে। পূর্বের কৌশল পরিবর্তনের অংশ হিসেবে হামলা এড়াতে তারা কোন নির্দিষ্ট এলাকায় অবস্থানের পরিবর্তে আন্ডারগ্রাউন্ডে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ইরাকের হামরিন পর্বতমালার মতো দুর্গম এলাকা যেখানে লুকিয়ে থাকার মতো অসংখ্য গুহা রয়েছে সেখানে তারা বসতি গড়েছে।
আরও পড়ুন: পিছিয়ে থেকেও ঝাড়খণ্ডে সরকার গঠনে আশাবাদী বিজেপি
ইরাকে বর্তমান রাজনৈতিক অস্থিরতা কাজে লাগিয়ে আইএস আরও হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।
ইত্তেফাক/এসইউ
