শয্যাশায়ী ভিপি নূরের পাশে বাবা, ন্যায়বিচার দাবি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬

মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন তার বাবা। রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরের পাশে যান তিনি। 

সেখানে সাংবাদিকরা ঘিরে ধরলে কান্না কান্না কণ্ঠে নূরের বাবা ইদ্রিস হাওলাদার বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি এর ন্যায়বিচার চাই। যাতে বাংলার মাটিতে আর এ রকম কোনো ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, আমার ছেলে বাংলাদেশের নাগরিক। সে ভোটে ভিপি হয়েছে। তবু তার ওপর কেন বারবার হামলা করা হচ্ছে? আমরা কি বাংলাদেশের নাগরিক না? তা হলে আমাদের ওপর কেন এই বারবার হামলা? কেন আমাদের নিয়ে অনধিকার চর্চা করা হয়?

রবিবার বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নূরের ওপর হামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। একই সঙ্গে তার অনুসারীদেরও পেটানো হয়। ভাঙচুর করা হয় ডাকসু ভবন। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা যায়।

হামলার পর আহত নূরসহ ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এখন নূর, ফারাবীসহ মোট পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ