শিশুদের আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০৩

সারাদেশ বিনোদন ডেস্ক

 

১৬ ডিসেম্বর সকাল ১০টায় শান্তিনগরস্থ গোল্ডেন এরা কিডস স্কুল প্রাঙ্গণে ৪৭তম বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে আর্ট অ্যান্ড ক্র্যাফট প্রদর্শনীর আয়োজন করে। স্কুলের সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক নুর হোসেন রানা ও ডা. এমএ মুক্তাদীর। আর্ট অ্যান্ড ক্র্যাফট প্রদর্শনীর পরিকল্পনাকারী বিদ্যালয়ের অধ্যক্ষ সালমা আহমেদ হীরা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অঙ্কন শিক্ষক অজিত কুমার সরকারসহ শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি চারটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে আবৃত্তি ও দেশাত্ববোধক গান পরিবেশন ছিল অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। তৃতীয় পর্বে ছিল অতিথিবৃন্দের বক্তৃতা। বিদ্যালয়ের অধ্যক্ষ সালমা আহমেদ হীরা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিশুদেরকে সৃষ্টিশীল করে গড়ে তোলার প্রয়াসেই এ প্রদর্শনীর আয়োজন। কোনোকিছুই ফেলনা নয়। ফেলনা থেকেই শিশুরা তৈরি করেছে নানারকমের খেলনা।’

অনুষ্ঠানের প্রধান অতিথি অভিনেতা আব্দুল আজিজ বলেন, ‘শিশুরাই আগামীর ভবিষত্, আমাদের আলোর দিশা। তাই ওদের সৃষ্টিশীল করে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি ওদেরকে দেশের প্রতি ভালোবাসা, আমাদের সংস্কৃতি, ঐতিহ্যকে ধারণ করতে শেখাতে হবে।’

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় মহান বিজয় দিবসের তাত্পর্য তুলে ধরে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্ববোধ তৈরি করার জন্য অভিভাবকবৃন্দকে অনুরোধ জানান। অনুষ্ঠানের চতুর্থ ও শেষ পর্বে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপনী শেষে অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের তৈরিকৃত আর্ট অ্যান্ড ক্র্যাফট প্রদর্শনী ঘুরে দেখেন। শিক্ষার্থীদের তৈরিকৃত ফেলনা থেকে খেলনার ভূয়সী প্রশংসা করেন।