মুশফিকের মনের আয়নায় এবার তিনশ

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:০৯

টেকনিক, টেম্পারমেন্টের দিক থেকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের তকমা অনেক বছর ধরেই শোভা পাচ্ছে মুশফিকুর রহিমের নামের পাশে। যদিও তিন ফরম্যাটেই রান, রেকর্ডে তামিম-সাকিবের চেয়ে পিছিয়ে তিনি। অতঃপর ব্যাটসম্যান মুশফিক বাংলাদেশের হয়ে কিছু রেকর্ডের চূড়ায় উঠলেন। গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

অপরাজিত ২১৯ রানের ইনিংস দিয়ে সাদা পোশাকে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিকও হয়েছেন। সঙ্গে টেস্টের ১৪১ বছরের ইতিহাসে উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে বেশি ডাবলের বিশ্ব রেকর্ডের দখল পেলেন এই বাংলাদেশি।

ডাবল সেঞ্চুরি পূর্ণ হতেই উদযাপনের কমতি রাখেননি। মুষ্টিবদ্ধ হাত ছুড়েছেন, শূন্যে লাফিয়েছেন, ব্যাট ফেলে দুহাতে চুমো এঁকেছেন, বুক চাপেড়েছেন, সেজদাহ করেছেন। বাংলাদেশের ইনিংসকে অভিভাবকের ন্যায় পথ দেখানো মুশফিক ডাবল সেঞ্চুরিটাকে উত্সর্গ করেছেন নিজের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিকে।

গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান বলেছেন, ‘এই ইনিংসটি আমি আমার স্ত্রীকে উত্সর্গ করেছি। ইনিংসটা অনেক স্পেশাল ছিল এবং ও আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করেছে, এমনকি কালকেও (রোববার) আমাকে অনেক অনুপ্রাণিত করেছে।’

মুশফিকের করা মিরপুরে বাংলাদেশের ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি, দেশের পক্ষে চতুর্থ ডাবল সেঞ্চুরি এবার উসকে দিচ্ছে আরও বড় কিছুর স্বপ্ন। সেটা ট্রিপল সেঞ্চুরি। ৫৮৯ মিনিট ব্যাটিং করা মুশফিক বললেন, তিনশো খুব সম্ভব। এই ইনিংসের পর সেই বিশ্বাসটা মনের মাঝে পেয়েছেন তিনি।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি আমার নিজের ভেতর এটা বিশ্বাস করি। প্রথমে যখন ২০০ করেছি, তখন মনে হয়নি এটা প্রথম বা আবার কবে মারব। নিজের ওপর ওরকম বিশ্বাস ছিল না। এখন এটা পাওয়ার পর আমার বিশ্বাস একটু হলেও ফিরে এসেছে এরকম আরও বড় অবদান রাখতে পারব। আমার মনে হয়, আমাদের টপ অর্ডারদের কারও জন্য এটা অসম্ভব না।’

গলে ২০১৩ সালে খেলেছিলেন ২০০ রানের ইনিংস। এবার অপরাজিত ২১৯ রানের ইনিংসে ১৮টি চার ও ১টি ছক্কা। গল, মিরপুরের ইনিংসের তুলনায় যেতে চাননি মুশফিক। গলে ম্যাচটা ড্র হয়েছিল। তবে মিরপুরে জিততে চান তিনি।

তবে ডানহাতি এই ব্যাটসম্যান তৃপ্ত, মিরপুরে নিজের শৃঙ্খলিত ব্যাটিং নিয়ে। সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘আমি এই ইনিংসে কোনো রকম ঝুঁকি না নিয়েই খেলেছি। এটা আমার কাছে বড় কিছু মনে হয়েছে। আমার যেগুলো প্রিয় শট, সেগুলো ছাড়াই যে আমি এত সহজে রান করতে পারি, এই বিশ্বাসটা এসেছে নিজের খেলার মধ্যে। এটা এই ইনিংসে বড় অর্জন ছিল।’

মিরপুরে প্রথম সেঞ্চুরি, এটাই বড় ভালো লাগার অনুভূতি ছড়িয়ে দিচ্ছে মুশফিকের মনে। তিনি বলেছেন, ‘বেশির ভাগ খেলোয়াড়ের হোম গ্রাউন্ডে ভালো রেকর্ড থাকে, এখন পর্যন্ত আমার মিরপুরে একশ নেই। আমি খুব করে চাচ্ছিলাম যেন একশ হয়।’

গতকাল চা বিরতির পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ততক্ষণে সাকিবকে টপকে মুশফিক হয়ে গেছেন দেশের পক্ষে সর্বোচ্চ রানের ধারক। কিন্তু আর আট রান করলেই পাকিস্তানের আজহার আলীকে (২২৬) ছাড়িয়ে টেস্টে শেরেবাংলার ব্যক্তিগত সেরা ইনিংসের মালিক হতে পারতেন মুশফিক। যা হয়তো টিম ম্যানেজমেন্টেরও নজরে ছিল না।

মুশফিক বলেছেন, ভবিষ্যতে এই রেকর্ড ভাঙতে চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আজহার আলীর রেকর্ড আমার মনে ছিল না। আমার মাথায় শুধু ছিল যে, যেভাবেই হোক দুইশ করতে হবে। আর সত্যি বলতে কী, সময় পেলে আমার ইচ্ছে ছিল নিজে অন্তত আড়াইশ রান করার। ভবিষ্যতে মনে থাকবে আপনার কথাটা এবং চেষ্টা থাকবে এটা ভাঙার।’

স্কোর   কা  র্ড

বাংলাদেশ ইনিংস

ব্যাটসম্যান                                           রান     বল      চার    ছয়

লিটন ক মাভুতা ব জার্ভিস                       ৯        ৩৫      ০      ০

ইমরুল ক চাকাবভা ব জার্ভিস                  ০        ১৬      ০      ০

মুমিনুল ক চারি ব চাতারা                        ১৬১    ২৪৭    ১৯    ০

মিথুন ক টেইলর ব ত্রিরিপানো                  ০        ৪         ০      ০

মুশফিক অপরাজিত                               ২১৯    ৪২১     ১৮    ১

তাইজুল ক চাকাবভা ব জার্ভিস                 ৪        ১০      ০      ০

মাহমুদুল্লাহ ক চাকাবভা ব জার্ভিস             ৩৬      ১১০    ৩      ০

আরিফুল চারি ব জার্ভিস                          ৪        ১৮      ১      ০

মিরাজ অপরাজিত                                 ৬৮      ১০২    ৫      ১

অতিরিক্ত (বা-৯, লে বা-৮, নো-৩, ও-১)    ২১

মোট (১৬০ ওভার)                                ৫২২/৭ ডিক্লেয়ার

জিম্বাবুয়ে বোলিং :কাইল জার্ভিস : ২৮-৬-৭১-৫ (ও-১, নো-১), তেন্ডাই চাতারা : ২২.২-১২-৩৪-১, ডোনাল্ড তিরিপানো : ২৪.৪-৬-৬৫-১ (নো-২), সিকান্দার রাজা : ২২-১-১১১-০, সিন উইলিয়ামস : ৩০-৪-৮০-০, ব্রান্ডন মাভুতা : ৩১-১-১৩৭-০, হ্যামিল্টন মাসাকাদজা : ২-০-৭-০।

জিম্বাবুয়ে

মাসাকাদজা ক মেহেদি ব তাইজুল             ১৪      ৪৪       ২      ০

ব্রায়ান চারি অপরাজিত                           ১০      ৪৮      ০      ০

তিরিপানো অপরাজিত                            ০        ১৬      ০      ০

অতিরিক্ত (বা-১)                                   ১

মোট (১৮ ওভার)                                  ২৫/১

বাংলাদেশ বোলিং : মুস্তাফিজ : ৬-৪-১১-০, খালেদ : ৫-৩-৬-০, তাইজুল : ৫-৩-৫-১, মিরাজ : ২-১-২-০।

 

উইকেটরক্ষকদের ডাবল সেঞ্চুরি