মনসুর উদ্দিন আহমেদ ইকবাল
হবিগঞ্জ প্রতিনিধি
ভারতে হাওড়া জেলার বালিতে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোত্সবে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠী।
ড. মুকিদ চৌধুরীর লেখা ‘অপ্রাকৃতিক প্রকৃতিক’ নাটকটি দেশ ছাড়িয়ে ভারতের মঞ্চে সফল মঞ্চায়নে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ফখরুল হামিদ।
গত ২ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টায় নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটক শুরু করার আগে নাট্যকর্মীরা ভারতের মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এ সময় ভারতীয় দর্শকরা দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন। নাটকটির রচয়িতা ড. মুকিদ চৌধুরী বলেন, ‘নাটকের মূল চরিত্র স্মৃতির জীবন সংসারের কাহিনি এতে তুলে ধরা হয়েছে। সন্তান লাভের আশায় স্মৃতি ভণ্ড সাধুর আশ্রমে যেতেও কুণ্ঠিতবোধ করেনি। আবার মানব চিরন্তন প্রেমের আহ্বানে অধরাকে পাওয়ার আশায় সংসার ত্যাগী হয়, কিন্তু সংসারের মায়ামোহে আবার হয় ঘরমুখো। শত আয়োজন, শত প্রচেষ্টা ব্যর্থ হয় প্রকৃতিবিমুখ হলে।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হারুন সাঁই, জনি রানি দাস, শামীম আহমেদ, আল আমিন, শারমিন আক্তার, শাহীন আহমেদ, যোসেফ হাবিব, সিরাজুল ইসলাম, মুখলিছুর রহমান, মাখন মিয়া, আব্দুল ওয়াহিদ, ফারুক দেওয়ান, মিঠুন, রৌদ্র, নয়ন ও সন্দীপ। এছাড়াও নাট্যকর্মীদের সফরসঙ্গী ছিলেন কামরুল হাসান ও কিতাব আলী শাহীন।
