টেক্সেস এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবাদ সভা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০০:১৫

জাতীয় রাজস্ব বোর্ডের অধীন আয়কর অনুবিভাগ প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণ প্রস্তাবে বৈষম্য বিষয়ে আয়কর বিভাগের ১০ম গ্রেড হতে ২০তম গ্রেড এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১০ম গ্রেড হতে ২০তম গ্রেড এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ করা হয়। সভায় বাংলাদেশ টেক্সেস এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এনবিআর এবং কর কমিশনার অফিস কোনো বদলি আদেশ করতে পারবে না—যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হয়, বিদ্যমান বিধি অনুযায়ী পদোন্নতির ক্ষেত্রে এসিটি পদে পূর্বের ন্যায় ৩৩ ভাগ কোটা বহাল রাখতে হবে, পদোন্নতিযোগ্য সকল শূন্য পদে অনতিবিলম্বে পদোন্নতি দিতে হবে, উচ্চমান সহকারী পদে চার বছর চাকরির সময়কাল অতিক্রান্ত হলে কর পরিদর্শক পদে পদোন্নতির আওতায় আনতে হবে ইত্যাদি।

এছাড়া আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ১০ম গ্রেড হতে ২০তম গ্রেড এর সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি