রাসেল-লিটনের নৈপুণ্যে রাজশাহীর জয়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২৩:০৭

বঙ্গবন্ধু বিপিএলে তৃতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী রয়্যালস। চট্টগ্রামে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে আন্দ্রে রাসেলের অলরাউন্ড পারফরম্যান্স ও লিটন দাসের হাফ সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে ৭ উইকেটে পরাজিত করে রাজশাহী। পাঁচ ম্যাচে খুলনার এটি দ্বিতীয় হার।

রান তাড়া করতে নামা রাজশাহীকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। তাদের ৭৫ রানের জুটিই জয়টা সহজ করে দেয় রাজশাহীর। ১৮ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে নেয় রাজশাহী। লিটন ৫৮, আফিফ ২২, শোয়েব মালিক ১৬, আন্দ্রে রাসেল ১৯ বলে অপরাজিত ২৮ ও রবি বোপারা অপরাজিত ১৩ রান করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে খুলনা ৯ উইকেটে ১৪৫ রান তোলে। দলের পক্ষে দুই অঙ্কের ঘর স্পর্শ করেন মাত্র তিন ব্যাটসম্যান। শামসুর রহমান শুভ সর্বোচ্চ ৫৫, রাইলি রুশো ৩৫, ফ্রাইলিঙ্ক ৩১ রান করেন। রাজশাহীর পক্ষে অধিনায়ক আন্দ্রে রাসেল ৩৭ রানে চারটি, কামরুল ইসলাম রাব্বি-রবি বোপারা দুটি করে, আফিফ হোসেন একটি উইকেট পান। আন্দ্রে রাসেল ম্যাচ-সেরা হন।

এদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ৫ উইকেটে পরাজিত করে ঢাকা প্লাটুন।