সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর দাফন সম্পন্ন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০০:৩০

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ এশা তৃতীয় জানাজা শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার গোরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় তার জানাজায় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের গার্ডেন প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. ইমান আলীসহ আপিল বিভাগের বিচারপতিগণ। এরপর শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিনউদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালত ও হাইকোর্টের কয়েকটি বেঞ্চ বসেনি। হয়নি কোনো বিচারকাজ।