অবৈধভাবে আমদানিকৃত শাওমি মোবাইল ও নেটওয়ার্ক জ্যামার জব্দ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৩

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-এর যৌথ প্রয়াসে গত মঙ্গলবার ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের ৮টি দোকানে অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩টি (দুইশত তিরানব্বই) অবৈধ হ্যান্ডসেট ও মোবাইল নেটওয়ার্কে প্রতবিন্ধকতা সৃষ্টিকারী ১৫টি জ্যামার উদ্ধার করা হয়েছে।

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্ণেল মো. আমিনুল হক এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিদেশ থেকে বিটিআরসি’র অনুমোদন ব্যতীত অবৈধভাবে আমদানীকৃত বিভিন্ন বিদেশি ব্যান্ডের মোবাইল হ্যান্ডসেটগুলো হলো:MI Redmi Note 5, MI Redmi 6A, MI Redmi S2, MI Redmi Note 6 Pro, Pocophone F1, Zenfone Max Pro, MI A2 জব্দ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই, ভোক্তা অধিকার এবং ভ্রাম্যমান আদালত আইনের মাধ্যমে ১০টি মামলা দায়ের করা হয়েছে এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের ২ ব্যক্তিকে ৬ (ছয়) লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ এসব কার্যক্রমের সাথে জড়িত থাকায় ১১ (এগার) ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

র্যাবের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ২ জনকে ১ বছর মেয়াদে, ১ জনকে ৬ মাস মেয়াদে, ৬ জনকে ১ মাস মেয়াদে এবং ২ জনকে ১৫ দিন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বিটিআরসি’র চলমান কার্যক্রমের অংশ হিসেবে এবং টেলিযোগাযোগখাতে শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে অবৈধ বেতার যন্ত্রপাতির বিরুদ্ধে পরিচালিত এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।